বাগেরহাট: মুক্তিপণের দাবিতে জেলেদের জিম্মির ঘটনায় সাগরে যখন জেলেরা মাছ ধরা বন্ধ রেখেছে, তখন অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ করিম-শরীফ ডাকাত বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সুন্দরবনের দুর্ধর্ষ করিম-শরীফ ডাকাত বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে চারটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড তাজা গুলি ও ১০ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ করিম-শরিফ ডাকাত বাহিনীর বাদশা শেখকে (২৫) আটক করা হয়।’
আটককৃত বাদশা বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে কোস্ট গার্ড জানায়।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্ট গার্ড সদস্যদের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দৃঢ় সংকল্পে এরইমধ্যে কোস্ট গার্ড বিশেষ সাঁড়াশি অভিযান আরম্ভ করেছে। অভিযানে সুন্দরবনের করিম-শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা ধ্বংস করা হয়।