Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতে কলেজছাত্র ইকরাম হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৮

ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হোসেন মোল্লা (২২) হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সিদ্দিক (২৩) ও মো. শান্ত মিয়া (২২)।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।

রায়ে হত্যার পাশাপাশি মরদেহ গুমের অপরাধে প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি শান্ত মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ মে রাতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ইকরামকে বাড়ি থেকে ডেকে নেয় তার বন্ধু শান্ত মিয়া ও সিদ্দিক। পরে খিলক্ষেত থানাধীন পাতিরা ও ডুমনি এলাকার মাঝামাঝি বসুন্ধরা বালুর চরে নিয়ে হাতুড়ি ও ভোমর দিয়ে আঘাত করে এবং এন্টিকাটার দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। দুই দিন পর, ৬ মে পুলিশ ওই স্থান থেকে ইকরামের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা মো. কবির হোসেন মোল্লা বাদী হয়ে খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়। মামলার বিচারকালে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর