Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫

টিউলিপ রিজওয়ান সিদ্দিক। ফাইল ছবি

ঢাকা: ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গুলশান-২ এলাকায় অবস্থিত ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখলের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, তিনি দেশত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্ট করার চেষ্টা করছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

এর আগে, একই ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সহকারী আইন উপদেষ্টা সারদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে আদালত এ আদেশ দেন এবং পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, দুদক গত ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, সারদার মোশাররফ হোসেন এবং শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে।

অভিযোগে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখলে নেন এবং পরে সেটি নিজেদের নামে নিবন্ধন করেন।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামিরা পলাতক থাকায় এবং তদন্তে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা থাকায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। সে কারণেই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর