সিরাজগঞ্জ: নিজ বাড়িতে গাঁজার গাছ চাষ ও পরিচর্যার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুরে মাহবুবুর রহমান মানিক (৪৫) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (১ মার্চ) রাতে উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ায় ওই শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
আটক মাহবুবুর রহমান মানিক ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদকও।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মানিক মাষ্টারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পেছন থেকে ১২ ফুট উচ্চতার প্রায় পাঁচ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছটি রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানের সময় মাহবুবুর রহমান অপরাধ স্বীকার করেন। পরে কাজিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
অভিযানে কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।