কক্সবাজার: কক্সবাজারের সদর উপজেলায় যাত্রীবাহী নৌকায় তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় বন্দুক (এলজি) উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার চৌফলদণ্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এসআই সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দীপন দেবনাথ ও এএসআই আনোয়ারসহ এক দল পুলিশ চৌফলদণ্ডী এলাকায় অভিযান চালায়। দুপুর আড়াইটার দিকে চৌফলদণ্ডী ব্রিজের পাশের জেটিঘাটে বিভিন্ন এলাকা থেকে নৌকায় আসা যাত্রীদের তল্লাশি করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মহেশখালীর এক নম্বর ঘাট থেকে আসা একটি নৌকার যাত্রীদের তল্লাশিকালে মোহাম্মদ ওমর ফারুক (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ওমর ফারুকের বাড়ি বালুখালীর ক্যাম্প-৮ এলাকায়। তিনি বর্তমানে উখিয়ার মরাগাছতলা রোহিঙ্গা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তল্লাশিকালে ফারুকের কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি বন্দুক ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।