কক্সবাজার: কক্সবাজারের সমুদ্র উপকূল ও গভীর বঙ্গোপসাগরে জেলেদের কাছে আতঙ্ক হিসেবে পরিচিত ডাকাত সর্দার আরিফকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১৫। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত অন্তত আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ১ মার্চ দিবাগত রাতে কক্সবাজার পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরিফ কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার চিহ্নিত অপরাধী ‘কসাইখ্যাত’ শাহজাহানের ছেলে।
র্যাব জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার ‘গুলির ধার’ এলাকায় ‘এফ.বি. অজুফা আক্তার মানু’ নামের একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আরিফের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল ট্রলারটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং নিজেদের নৌকা দিয়ে ধাক্কা দেয়। এ সময় জেলে শাহাদাত হোসেন খোকন (১৭) ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ডাকাত দলটি নৌকা থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে পার্শ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিয়ে পালিয়ে যায়।
র্যাব-১৫’র দাবি, গ্রেফতারকৃত আরিফ একজন চিহ্নিত পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত অন্তত আটটি মামলা রয়েছে। জেলে শাহাদাত হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১৫ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, ‘গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’