সাতক্ষীরা: জেলায় শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর নগ্ন হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।
এদিকে সাংবাদিকের ওপর হামলার জেরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। ৩ মার্চ কেন্দ্রীয় যুবদলের সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
মানববন্ধনে সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন ‘প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ‘দেশ টিভি’র স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, ‘একাত্তর’র বরুণ ব্যানার্জি, ‘এখন টিভি’র আহসান রাজিব, ‘যমুনা টিভি’র আকরামুল ইসলাম, ‘মানবজমিন’র এস. এম. বিপ্লব, ‘ডিবিসি নিউজ’র এম. বেলাল হোসাইন, ‘এশিয়ান টিভি’র মশিউর রহমান ফিরোজ, ‘বাংলাদেশ জাসদ’র জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক আমিনুর রহমান, নাজমুল আলম মুন্নাসহ অনেকেই।
বক্তারা বলেন, বালু খেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সোমবার শ্যামনগর প্রেস ক্লাবে ঢুকে সামিউল মনিরের ওপর হামলা চালানো হয়। বর্তমান বাংলাদেশে এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় থানায় করা মামলায় জ্ঞাত ১৪ জন আসামীর একজনকেও এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তারা এ সময় অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান।