কক্সবাজার: জেলার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজনকে আটকও করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ এসব তথ্য জানিয়েছে।
এ ছাড়া, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে।’
তিনি আরও বলেন, জনসাধারণের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও ফলপ্রসূ হবে।