Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণ-অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২২:০৫ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১১:১৪

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

রিট আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থান থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

আবেদনে আরও বলা হয়, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রিট আবেদনটি করা হয়। শুনানি শেষে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।