বরিশাল: বরিশাল নগরীর একটি হোটেলে ফাঁদে ফেলে যুবক সিরাজুল ইসলামের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের এক তরুণীসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মিলিতা দত্ত ওরফে ম্যালাইসা (২১) এবং হোটেল কর্মচারী সান্টু হাওলাদার।
পুলিশ জানায়, শনিবার (৭ মার্চ) রাতে নগরের গির্জা মহল্লা এলাকায় হোটেল ইম্পিরিয়াল থেকে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় হোটেলের মালিক ও ব্যবস্থাপকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার কড়াপুর এলাকার সিরাজুল ইসলামের সঙ্গে পূর্বপরিচয় থাকা আব্দুর রহমান তাকে জরুরি কাজে ডেকে নিয়ে গিয়েছিলেন। হোটেলের একটি কক্ষে মিলিতা দত্ত ও চক্রের অন্যান্য সদস্যরা তাকে আটক করে এবং আপত্তিকর ভিডিও ধারণের ভয় দেখিয়ে নগদ টাকা ও অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি করে। পরে সিরাজুল বিষয়টি পরিচিত এক ব্যক্তিকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সনজিৎ চন্দ্র নাথ জানান, গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। হোটেলের মালিক ও বাকি পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।