যশোর: যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে একটি মবিল তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের নামে মবিল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
রোববার (৮ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে ‘মেসার্স এসএম লুভ’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পরিবেশ অধিদফতরের কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের (এইচডি-৫০, ২০ডাব্লিউ৪০টি ও ২০ডাব্লিউ৫০টি) নামে মবিল বোতলজাত করছিল। সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে বোতলজাত করা হচ্ছিল এসব মবিল। এ ছাড়া পণ্যের মান পরীক্ষার জন্য প্রতিষ্ঠানটির কোনো ল্যাবরেটরিও নেই।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (যশোর) সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ‘অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আনোয়ারকে ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য ভোক্তাদের কাছে যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের পাশাপাশি বিএসটিআইয়ের প্রতিনিধি, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্য এবং র্যাবের (র্যাব-৬) একটি দল উপস্থিত ছিল।