ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের ভোটের ফল হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ও এলডিপির প্রার্থী ওমর ফারুক।
সোমবার (৯ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আবেদন দাখিল করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ বিষয়ে শুনানি গ্রহণ করবেন।
এই আসনে ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির জসীম উদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। ফলে বিজয়ী ও হারানো প্রার্থীর মধ্যে ব্যবধান এক হাজারেরও কম ভোট।
এর আগে ২০টিরও বেশি আসনের প্রার্থী হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছিল। হাইকোর্ট এসব আবেদনের শুনানির জন্য ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারার আওতায় নির্বাচনি অনিয়মের অভিযোগ শোনার জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনপত্রের শুনানি করছেন।