ঢাকা: বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনে বলা হয়, আব্দুস সালাম ব্যাপারী ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া দেশি বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমন রোধ করা প্রয়োজন।
আদালত শুধু বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেননি, অভিযুক্তদের সম্পদের উৎস অনুসন্ধানে ২১টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য দিতে নির্দেশ দিয়েছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজউক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, পাসপোর্ট অধিদফতর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
প্রতিষ্ঠানগুলোকে অভিযুক্তদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব, বিও অ্যাকাউন্ট, আয়কর নথি, ট্রেড লাইসেন্স এবং দেশি বিদেশি পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য দ্রুত আদালতে জমা দিতে বলা হয়েছে।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আল মামুন ও পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত আবেদনের ভিত্তিতে ওয়াসার সাবেক এমডির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, আদালতের এ নির্দেশনার ফলে সম্ভাব্য সম্পদ পাচার ঠেকানো এবং বিদেশে থাকা সম্পদের উৎস শনাক্ত করা সহজ হবে।
এর আগে, গত রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আব্দুস সালাম ব্যাপারী।
ওয়াসার একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি একটি গণমাধ্যমে ‘স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন’ এমন সংবাদ প্রকাশের পর তাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় এবং পদত্যাগ করতে বলা হয়।
পরে তিনি পদত্যাগ করেন এবং তার পদত্যাগপত্র ইতোমধ্যে গৃহীত হয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আব্দুস সালাম ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।