ঢাকা: ঢাকার মোহাম্মদপুরে প্রতিবেশীর পোষা বিড়াল হত্যা করার ঘটনায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।
রায়ে আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মনসুর ও শিবলু মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা। গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’র পক্ষ থেকে নাফিসা নওরীন চৌধুরী বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।
পরে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর গত বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়।
মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গত ২ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। প্রথমে ১৭ ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে বুধবার রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুরের পোষা বিড়ালটি নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকবর হোসেন শিবলু বিড়ালটিকে লাথি মারছেন।
ফুটেজে আরও দেখা যায়, লাথির আঘাতে বিড়ালটি নিস্তেজ হয়ে পড়ে যাওয়ার পর অভিযুক্ত পা দিয়ে চাপ দিয়ে সেটির মৃত্যু নিশ্চিত করেন। এরপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে মামলাটি দায়ের করা হয়।