যশোর: যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় অর্ধকোটি টাকার দু’টি স্বর্ণের বারসহ আবু সাইদ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক আবু সাইদ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইলফোন ও কিছু নগদ টাকাও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দু’টি স্বর্ণের বারের মোট ওজন ২৩৩ দশমিক ২৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৮ হাজার ৮২৮ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল কোতয়ালী থানার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবু সাইদকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুইটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি এগুলো বহন করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।