Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি ৮ এপ্রিল

স্টাফ করেসপন্ডেট
১৫ মার্চ ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৮:৫৩

ছবি: সংগৃহীত

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৮ এপ্রিল দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

মামলার উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়াও স্থানীয় কাউন্সিলর এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও এ মামলায় আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে চারজন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। রোববার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে মামলার ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংস হামলা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর