ঢাকা: অনলাইনে বিমানের টিকিট বিক্রি ও বুকিংয়ের নামে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে টিকিট সরবরাহ না করার অভিযোগে অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের নামে থাকা ২০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ মার্চ) সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. জহির রায়হান উল্লেখ করেন, অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান এফইবিডি লিমিটেড (ফ্লাইট এক্সপার্ট) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিমানের টিকিট বিক্রি ও বুকিংয়ের নামে অনলাইনে অগ্রিম অর্থ গ্রহণ করলেও অনেক ক্ষেত্রে গ্রাহকদের টিকিট সরবরাহ করা হয়নি। এভাবে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সিআইডির তথ্যমতে, গত বছরের ২ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম তার বর্তমান অফিস বন্ধ করে কানাডায় চলে যান।
ব্যাংক হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন গ্রাহক ও সাব-এজেন্সি বিভিন্ন সময়ে এসব হিসাবে অর্থ জমা দিয়েছেন। তদন্তে বলা হয়, প্রতারণা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী এসব হিসাব ফ্রিজ করা প্রয়োজন। অন্যথায় হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিআইডির তথ্য অনুযায়ী, এসব ব্যাংক হিসাবে বর্তমানে মোট ৪ কোটি ১০ লাখ ৯৪৬ টাকা ৫২ পয়সা জমা রয়েছে।