Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে গোফরান বাহিনীর প্রধানসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৭:৩৩

গ্রেফতার হওয়া দুই আসামি।

যশোর: যশোরের আলোচিত গোফরান বাহিনীর প্রধান নাসির শেখ ওরফে গোফরানসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ইয়ামাহা মোটরসাইকেল, একটি এইচপি ল্যাপটপ ও একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (১৫ মার্চ) গভীর রাতে খুলনার রূপসা থানার জাবুসা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে অভয়নগর উপজেলার ধুলগ্রামের তছির শেখের ছেলে গোফরানের (৪০) সঙ্গে রয়েছে ইছামতি গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে সোহেল রানা (২৮)।

সোমবার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোফরান ও তার সহযোগীরা চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য। তারা ‘গোফরান বাহিনী’ নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ রাতে অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামে সোহেল শিকদারের বাড়িতে ১০-১২ জনের একটি সশস্ত্র দল হানা দেয়। তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নগদ ২০ হাজার টাকা, একটি ইয়ামাহা মোটরসাইকেল, একটি এইচপি ল্যাপটপ ও একটি ভিভো মোবাইলফোন লুট করে নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর সোহেল শিকদার অভয়নগর থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোফরান ও তার সহযোগী সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গোফরানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে। এরমধ্যে ১১টি চাঁদাবাজি, সাতটি অস্ত্র ও দু’টি হত্যা মামলা। তার বিরুদ্ধে ১১টি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। এ ছাড়া সোহেল রানার বিরুদ্ধেও বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর