পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
অভিযানে চাঁদকাঠী বাজারের সারদা ফার্মেসিতে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ী হাসান বাহাদুরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসানকেও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, অভিযুক্ত কোনো বিক্রেতার কাছেই তেল বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদনপত্র ছিল না। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে যথাযথ অনুমোদনপত্র ছাড়া তেল বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।