Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৩:৪৩ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৪:৪৫

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক।

ঢাকা: রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আদালত। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, মামলার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ সম্পন্ন হয়েছে। ফলে মামলাটি এখন বিচার উপযোগী হওয়ায় অন্য আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

এর ধারাবাহিকতায় গত ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদের আদালতে হাজির হওয়ার জন্য গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখলে নেন এবং পরবর্তীতে তা রেজিস্ট্রি করেন।

উল্লেখ্য, এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সাবেক রাজউক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

পরে জুলাই মাসে শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে আদালত তিন মাসের জন্য তদন্ত স্থগিতের আদেশ দেন। তবে পরবর্তীতে চেম্বার আদালতে দুদকের আবেদন ‘নো অর্ডার’ হিসেবে নিষ্পত্তি হয়।

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর সংশ্লিষ্ট ধারায় টিউলিপ ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এ ছাড়া, প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় এর আগেই তাদের বিরুদ্ধে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর