Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ হত্যা মামলা: ৬ আসামি ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১১:০৫

ছয় আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় মোট ৩০ জন আসামির বিরুদ্ধে রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে গ্রেফতার হওয়া ছয় আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

আদালতে হাজির করা ছয় আসামি হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

বিজ্ঞাপন

মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২৪ জুন জমা দেওয়া হয়। পরে ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করে এবং ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ৬ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয় এবং ২৭ আগস্ট থেকে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।

মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন আবু সাঈদের বাবা মুকুল হোসেন। দীর্ঘ শুনানিতে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনসহ মোট ২৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাক্ষ্য মামলার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট করতে সহায়ক হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

সাক্ষ্যগ্রহণ শেষ হয় চলতি বছরের ১৩ জানুয়ারি। এরপর ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ৫ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকা ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর