ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে। মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। হানিফ ছাড়া অপর আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
এর আগে, গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। তারও আগে ৬ অক্টোবর অভিযোগ আমলে নেওয়া হয় এবং ৫ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। অভিযোগে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।