ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুই দিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। নির্বাচনে ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।
বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে লড়ছেন মোহাম্মদ আলী।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রার্থী হয়েছেন। সদস্য পদে রয়েছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।
জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল বাতেন। সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী। সম্পাদক পদে প্রার্থী এ কে এম রেজাউল করিম খন্দকার। কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম এবং সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া লড়ছেন।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।
এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল সভাপতি পদে কোনো প্রার্থী দেয়নি। তবে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু এবং সহ-সম্পাদক পদের একটিতে মোস্তফা আসগর শরীফী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে রয়েছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।
এ ছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে লড়ছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।
এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।