Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে পুলিশ হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৯:৫০ | আপডেট: ১৩ মে ২০২৬ ২২:২৮

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

রংপুর: রংপুর মহানগরীতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে অর্থদণ্ড ও অন্যান্য ধারায় সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় গাঁজাসহ পলাশকে আটক করে পুলিশ। এ সময় পলাশ ধারালো চাকু দিয়ে এএসআই পিয়ারুল ইসলামের বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত পিয়ারুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দু’টি মামলা করে। পরবর্তীতে আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করা হয়। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আজ আদালত এ রায় দেন। আসামির বিরুদ্ধে পুলিশ হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মার্জিয়া খাতুন তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এ ছাড়া, মামলার অপর দু’টি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বলেন, ‘পুলিশ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ে নিহত এএসআই পিয়ারুল ইসলামের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।’

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, ‘এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। ন্যায়বিচার পেতে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর