ঢাকা: দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলা এবং শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে আদালত জানতে চেয়েছেন, দেশে হামের প্রাদুর্ভাবের কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে কেন ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে না। প্রস্তাবিত এ কমিটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধিদের রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
রুলের জবাব দিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং আইইডিসিআরের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ১০ মে জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৭ জন শিশুর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে হাম হিসেবে শনাক্ত হয়েছে। বাকি ৩৯৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।