ঢাকা: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং হাসপাতালটির পরিচালকের বরাবরে এই নোটিশ পাঠান।
নোটিশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও অভিভাবকদের অভিযোগ থেকে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই সদ্য জন্ম নেওয়া একাধিক নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় শিশুদের মধ্যে অবিরাম কান্না, বমি ও শ্বাসকষ্টের মতো শারীরিক জটিলতা দেখা দেয় এবং একইসঙ্গে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।
আইনজীবী ইশরাত হাসান নোটিশে উল্লেখ করেন, সংকটময় পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি চিকিৎসা সহায়তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিতে ব্যর্থ হয়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের তৎপরতার অভাব ছিল এবং সংকটাপন্ন শিশুদের দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব করা হয়েছে। এই গাফিলতির কারণেই একের পর এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে নোটিশে দাবি করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনা কেবল সংশ্লিষ্ট পরিবারগুলোকেই নয়, বরং পুরো জাতিকে মর্মাহত করেছে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।