ঢাকা: চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ৯ দশমিক ৭৩ শতাংশ বেশি।
মঙ্গলবার (১৬ জুন) ব্যাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৫ জুন একদিনেই দেশে ৮ কোটি ২৫ লাখ ৫০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।
এর আগে, ২০২৫ সালের জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে অতিরিক্ত এসেছে প্রায় ১৪ কোটি ৪০ লাখ ডলার।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে গত ১৫ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ৮৯৮ কোটি ৬১ লাখ ৬০ হাজার ডলার।
ফলে চলতি অর্থবছরের প্রথম সাড়ে ১১ মাসে রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ৬১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ধারা ইতিবাচক রয়েছে।