ঢাকা: রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক আদালতে মমতাজকে হাজির করে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদনের পক্ষে শুনানি করেন।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনায় মমতাজ বেগমের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। একই সঙ্গে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাদী মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিং কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণে তিনি আহত হন।
অভিযোগে বলা হয়, পুলিশের ছোড়া রাবার বুলেটে তার শরীর ও বুকে আঘাত লাগে। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন এবং এ ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১২ মে রাতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মমতাজ বেগমকে গ্রেফতার করে। পরদিন আদালত তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।