Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাসা গ্রুপ চেয়ারম্যান নজরুল ও তার স্ত্রীর ৮৫ কোটি টাকার বিদেশি সম্পদ জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫১

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার

ঢাকা: নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তার স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড (প্রায় ৮৫ কোটি টাকা) জব্দ ও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদক জানায়, জার্সিতে অবস্থিত ইউবিএস ব্যাংকে ‘ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের হিসাবে এ অর্থ জমা রয়েছে। কমিশনের দাবি, প্রতিষ্ঠানটির প্রকৃত মালিক নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম। গত ৬ আগস্টের হিসাব অনুযায়ী ওই হিসাবে প্রায় ৫ দশমিক ৩০ মিলিয়ন পাউন্ড জমা ছিল।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, ‘ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড’ ২০১৯ সালের ১৭ মে আইল অব ম্যানের ঠিকানায় নিবন্ধিত হয়। একই বছরের ২ অক্টোবর প্রতিষ্ঠানটির নামে জার্সির ইউবিএস ব্যাংকে হিসাব খোলা হয়।

দুদকের অনুসন্ধানে নজরুল ইসলাম মজুমদার, তার পরিবারের সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে দেশের ২৬টি ব্যাংক থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ, আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠে এসেছে। কমিশনের দাবি, এসব অর্থের একটি অংশ যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি ও হংকংয়ে স্থানান্তর করা হয়েছে।

দুদক আরও জানিয়েছে, বিদেশে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। পাশাপাশি বিদেশে থাকা সম্পদের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দাখিল করা আয়কর বিবরণীতেও উল্লেখ করা হয়নি।

বর্তমানে নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ২০ আগস্ট দায়ের করা একটি অর্থ পাচার মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

শুনানি শেষে আদালত জার্সির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ‘ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড’-এর ব্যাংক হিসাবের অর্থ ফ্রিজ করার পাশাপাশি প্রতিষ্ঠানটির নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদও জব্দ বা অবরুদ্ধ করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর