Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির মামলায় সাক্ষ্য শুরু আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১২:১৬

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম পরিচালিত হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়।

মামলায় বর্তমানে গ্রেফতার পাঁচ আসামি হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

অন্যদিকে, হাছান মাহমুদ ও নওফেল ছাড়াও পলাতক আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের দিনও নির্ধারণ করা হয়েছিল। তবে ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন গ্রেপ্তার পাঁচ আসামি।

আবেদনের ওপর গত ২১ সেপ্টেম্বর প্রথম দফা শুনানি হয়। পরে ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯ অক্টোবর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত ৫ এপ্রিল প্রসিকিউশন মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আমলে নেন।

 

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা বলা হয়েছে। আর তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার ঘটনা অন্তর্ভুক্ত করেছে প্রসিকিউশন।

 

 

 

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে এসএমসি
১৫ নভেম্বর ২০২৬ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর