Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে রাখার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৪:৪৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১৪:৪৬

নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে প্রয়োজনে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার অধীন একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে কিছু তথ্য দিয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। এসব তথ্য মামলার তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে নাহিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। অপরাধ সংঘটনের জন্য তিনি নিজের কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনের একটি দল পরস্পর যোগসাজশে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালায় বলে মামলার এজাহারে বলা হয়েছে। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।

 

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর