Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেড ক্রিসেন্টের নির্বাচন ১৫ দিনের মধ্যে শেষের নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ২২:১৬

ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নির্বাচন নিয়ে চলমান জটিলতায় নতুন করে গঠিত নির্বাচন কমিশনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগের তিন সদস্যের নির্বাচন কমিশনকে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের বাকি কার্যক্রম ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন নম্বর ১৩২৫৭/২০২৬-এর সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদেশে গত ২৭ অক্টোবর নতুন নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত জারি করা সার্কুলার এবং এর ভিত্তিতে নেওয়া পরবর্তী কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই সার্কুলার ও ৪ নভেম্বর জারি করা স্মারক কেন বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি সম্পূরক রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া আগের তিন সদস্যের নির্বাচন কমিশনকে সাচিবিক, আর্থিক ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন হাইকোর্ট।

শুনানিতে আদালত পর্যবেক্ষণে বলেন, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সম্পন্ন না করে আগের কমিশন ভেঙে নতুন কমিশন গঠন এবং নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা আপিল বিভাগের আদেশকে ব্যর্থ করার কৌশল বলে মনে হয়। এ ধরনের পদক্ষেপ আদালত প্রশ্রয় দেবে না।

আদালতের আদেশে বলা হয়েছে, আদেশের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আগের নির্বাচন কমিশনকে পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনের অবশিষ্ট কার্যক্রম শেষ করতে হবে। ফলে নতুন কমিশনের কার্যক্রম স্থগিতের পাশাপাশি আগের কমিশনের অধীনেই নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলী ও আইনজীবী মো. সাদ্দাম হোসেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন, শেখ মো. জাকির হোসেন এবং আইনজীবী মো. শহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর