Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময় শেষ হচ্ছে আজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ০৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময় শেষ হচ্ছে আজ। রোববার (২২ জুন) বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
‎
‎নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১০০টির মতো দল আবেদন করেছে।
‎
‎আবেদনের সময় আর বাড়ানো হবে কি না, তা জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, এ সময় আর হয়তো বাড়ানো নাও হতে পারে।
‎
‎এর আগে, প্রথম দফায় নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গত ১০ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। সেই সময়সীমা পর্যন্ত ৬৫টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল।
‎
‎এনসিপিসহ আরও ৪৬টি দল ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন জমা না দেওয়ায় তারা ইসির কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করে। তাদের আবেদন বিবেচনায় নিয়ে ২২ জুন পর্যন্ত সময়সীমা বাড়ায় ইসি।
‎
‎দল নিবন্ধন আইন অনুযায়ী, একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়।
‎
‎ইসিতে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নামের দলগুলোকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এগুলোর প্রায় প্রতিটিই আবেদনের পাঁচ থেকে ছয় বছর পর আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে।
‎
‎‎নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তী সময়ে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।
‎
‎সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি এখনো প্রজ্ঞাপন জারি করেনি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো