Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘সত্য বলার লোক না থাকলে সংস্কার ফলপ্রসূ হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৭:২৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, সাহস করে সত্য কথা বলার লোক যদি না থাকে তা হলে দেশে কোনো সংস্কার ফলপ্রসূ হবে না। তাই আমরা যেন সাহস হারিয়ে না ফেলি।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মো. মোখলেস উর রহমান, ‘পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠতে না পারলে বিতর্কের জন্ম হবে। সংকীর্ণতা জাতিগতভাবে আমাদের পিছিয়ে দিতে পারে। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে। রাষ্ট্রীয় স্বার্থ দেখার লোক না থাকলে সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা থাকবে না।’

বিজ্ঞাপন

সরকারের এই সিনিয়র সচিব বলেন, ‘আপনি আপনার যোগ্যতা নিয়ে কাজ করতে থাকুন। আপনার দক্ষতা কাজে লাগানোর প্রয়োজনে কর্তৃপক্ষ আপনাকে খুঁজে নিতে বাধ্য হবে। সাহস ও সততা থাকলে মানুষ তার জীবনের পরীক্ষায় উতরে যায়।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমাদের বোধোদয় হয়েছে। এখন কার কোথায় সীমাবদ্ধতা, তা খুঁজে বের করে অতিক্রম করতে হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের কাজে যুক্ত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সবাই মিলে নির্বাচনকে যেন গৌরবময় পর্যায়ে নিয়ে যেতে পারি। আমাদের সফল হওয়ার বিকল্প নেই।’

খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠান শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।