Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সরকার যখন চাইবে তখনই নির্বাচন, ইসি দায় নেবে না: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৪

সিইসি এ এম নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, সরকার যখন চাইবে তখনই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত থাকবে। নির্বাচন নিয়ে আমরা কোনো ধরনের দায় নিতে রাজি নই।

‎সোমবার (১ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‎সিইসি বলেন, ‘নির্বাচনের জন্য ইসি প্রস্তুত নয় বা সক্ষমতা নেই-এমন অভিযোগ এড়াতেই আমরা আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেছি। সরকার থেকে চিঠি পাওয়ার পর আরও জোড়েশোরে কার্যক্রম চলছে। যাতে সরকার যখনই নির্বাচন আয়োজন করতে বলবে আমরা প্রস্তুত থাকতে পারি।’

‎তিনি বলেন, ‘‘নানা ধরনের টানাপোড়েন আছে। সেজন্য হয়তো সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে। আমরা চেয়েছি, আমাদের ওপর যেন ‘প্রস্তুতি পর্যাপ্ত নয়’ এই ধরনের কোনো ব্লেম না আসে। আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই। সেই জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করি।’’

‎তিনি আরও বলেন, ‘নির্বাচনে কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা সফল হবে না। নির্বাচন একা করা সম্ভব নয়, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। প্রধান উপদেষ্টা আমাদের ওপর কোনো ধরনের চাপ দেননি। আমরা স্বাধীনভাবে কাজ করছি।’

‎কালো টাকার ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে কালো টাকার প্রভাব যথাসম্ভব কমানোর চেষ্টা করছি। একেবারে বন্ধ করা সম্ভব নয়, তবে আমরা চাই সবাইকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে।’

‎সিইসি বলেন, ‘আমাদের দলগুলো দেশের স্বার্থ সবার ওপরে। তারা দেশের স্বার্থে, দেশের জন্য কাজ করেন। শেষ পর্যন্ত একটা সমঝোতায় আসবে-দেখবেন। গতকাল থেকে প্রধান উপদেষ্টা আবার শুরু করেছেন, এটাও জানিয়েছি। বিশ্বাস করি, একটা সমঝোতা হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর