Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সারাদেশে বায়ু-শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদফতরের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৯

পরিবেশ অধিদফতরের অভিযান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন এবং অন্যান্য পরিবেশগত আইন অমান্য করায় সারাদেশে সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজবাড়ী, মুন্সীগঞ্জ, পিরোজপুর, খুলনা, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় এবং ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।

অভিযানে রাজবাড়ী, মুন্সীগঞ্জ, পিরোজপুর ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করায় চারটি মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলার মাধ্যমে চার হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২৬ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় চকবাজার এলাকার সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞাপন

একই দিনে যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরের শ্যামলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পাঁচটি মামলার মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও পঞ্চগড় জেলায় তিনটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সাতটি মামলার মাধ্যমে ৩ হাজার তিনশত টাকা জরিমানা আদায় করা হয় এবং বারোটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ ছাড়া কয়েকজন যানবাহন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

অপরদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী খুলনা ও পঞ্চগড় জেলায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি মামলার মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদফতর দেশের পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।