Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ট্রেনের টিকিট কালোবাজারী: সাত দিনে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৭:১৯

ঢাকা: টিকিট যার ভ্রমণ তার নীতি বাস্তবায়ন ও টিকিট কালোবাজারী রোধে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে এবং এসব টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে অভিযান চালাচ্ছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণ, নিজ আইডি ব্যতীত অন্যের আইডি ব্যবহার করে টিকিট ক্রয় ও সংশ্লিষ্ট অন্যান্য অনিয়মের কারণে অভিযান শুরুর দিন থেকে ১২ অক্টোবর ২০২৫ (রবিবার) পর্যন্ত মোট জরিমানা ৪ লাখ ৯৭ হাজার টাকা এবং টিকিটের প্রকৃত মূল্য বাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা, মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়েছে। টাস্কফোর্সের পরিবীক্ষণে বিনা টিকিটে ভ্রমণকারী ৬,২৭৮ জন এবং অন্যের আইডি ব্যবহার করে টিকিটে ভ্রমণকারী ১,৮৫৩ জন শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা যায়, পূর্বাঞ্চলে বিনা টিকিটের ৩,২৫৭ জন ও অন্যের আইডি ব্যবহারকারী ৯৮৬ জন শনাক্ত করা হয়; এদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকাসহ জরিমানা ২ লাখ ৬,৪১৫ টাকা— মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়েছে। পশ্চিমাঞ্চলে বিনা টিকিটের ৩,০২১ জন ও অন্যের আইডি ব্যবহারকারী ৮৬৭ জন শনাক্ত হলে তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা এবং জরিমানা ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা— মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়েছে। টাস্কফোর্স কালোবাজারীর সঙ্গে যুক্ত ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশও করেছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, টাস্কফোর্সের কর্মকর্তারা যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই, পরিচয়পত্র প্রদর্শন ও টিকিট চেকিং ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছেন এবং নিয়ম ভঙ্গকারীদের আইন অনুযায়ী জেল-জরিমানা প্রক্রিয়া প্রযোজ্য হবে। বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে যথাক্রমে ১৩টি ও ১৪টি করে মোট ২৩টি টাস্কফোর্স কাজ করছে; রেলওয়ের নিয়মিত টিকেট চেকিংয়ের অতিরিক্ত এই অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর