Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রূপনগরে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৯:১২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কসমোফার্মার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গার্মেন্টসটির ছাদ টিনশেড ছিল। ছাদ ও গেট তালা মারা থাকায় দ্বিতীয় এবং তৃতীয় তলায় লোকজন আটকে পড়ে। মৃতদেহগুলো সেই দুই তলা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, ‘ক্যামিকেল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রনে আসেনি। আরও সময় লাগবে। ক্যামিকেল গোডাউনে ৬ থেকে ৭ ধরনের কেমিকেল ছিল। সাধারণত আগুন ধরার সঙ্গে সঙ্গেই দ্রুত ছড়িয়েছে, তাই গার্মেন্টস অংশে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনের কোনো লাইসেন্স ও অনুমোদন ছিল না। এখানে কতজন কাজ করত সেই হিসেবে পাওয়া যায়নি।’

এর আগে, এদিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগা ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা এবং একটি কেমিক্যাল গোডাউন ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টিরও বেশি ইউনিট কাজ করে। ভবনটিতে রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর