Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানের প্রধানমন্ত্রী তোবগের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১২:৫৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৬:৫৮

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

ঢাকা: তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর কিছুক্ষণ পরই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

পরে ভুটানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন এবং প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

এর আগে তোবগের আগমনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে তাঁর একান্ত বৈঠকের কথা রয়েছে। এর আগে দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

এছাড়া সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগে তাঁর সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।

সূত্র: বাসস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর