Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

গণভোটের ব্যালট পেপার হবে রঙিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৮:৪৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হলেও গণভোটের ব্যালট পেপার ‘রঙিন হবে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। গণভোট উপলক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচার চালানো হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এই সময়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক। আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যেকোনো কালি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। সে অনুযায়ী নির্বাচনি প্রস্তুতি এগোনো হবে। সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। প্রবাসীরাও গণভোট দিতে পারবেন। ব্যালট পেপার প্রিন্টিং বিষয়ে সরকারি প্রেসের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও জানান ইসি সচিব।

প্রেস বিফিংয়ের আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এতে জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত ৪টি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে ভোটারদের।

সারাবাংলা/একে/এসএস