Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়ল, এ সপ্তাহেই তফসিল: ইসি সানাউল্লাহ

‎স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ‎নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষ্যে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব।

‎রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা বলেন।‎

‎সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‎‎তিনি আরও বলেন, আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। এ ছাড়া উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবেন না। আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।

‎নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য।

‎নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেয়া হবে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

‎তিনি আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী।