Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকার সম্ভাবনা

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮

ছবি:সংগৃহীত

ঢাকা: আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী চব্বিশ ঘণ্টা সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজধানীর আবহাওয়ার তথ্যে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং ভোর থেকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যদিও সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯৮ শতাংশ, যা ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়াতে ভূমিকা রেখেছে। গত চব্বিশ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়ার এই পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন, শীতের আমেজ কিছুটা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া এখন বসন্তের আগমনের ইঙ্গিত দিচ্ছে।

আজ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে। আপাতত কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শুষ্ক আবহাওয়ায় ধূলিকণা ও বায়ুদূষণ থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। আগামী কয়েক দিন তাপমাত্রার সামান্য ওঠানামা ছাড়া বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর