চট্টগ্রাম ব্যুরো: আগের কোনো স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা এত প্রশ্ন করতে পারতেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সভা হয়েছে।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ‘‘আগের সরকারের আমলে ফেসবুক ‘নিয়ন্ত্রণ’ ছিল, গুজব ‘নিয়ন্ত্রণ’ ছিল, কিন্তু ৫ আগস্টের পরে আপনারা কোনোভাবেই ফেসবুক নিয়ন্ত্রণ করতে পারছেন না…।’’
জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘ওইসময় আপনারাও নিয়ন্ত্রিত ছিলেন, আপনারাও কিন্তু এত কথা বলতে পারেন না। এখন যে হারে আমারে প্রশ্ন করতে পারেন, ওইভাবে কিন্তু তখন প্রশ্ন করতে পারেন নাই। অন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতভাবে গিয়ে কি আপনারা প্রশ্ন করতে পারছেন? পারেন নাই। এখন এই সরকার তো বলছে যে, আপনারা স্বাধীন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন।’
‘ফেসবুকের ভেতরে যেগুলো মিথ্যা সংবাদ এগুলো কিন্তু আপনারাই (সাংবাদিক) বন্ধ করে দিতে পারেন। আমরা চেষ্টা করি, বন্ধ করার জন্য। আপনারাও অনুরোধ করবেন, মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন পরিবেশন করে। আমরা তো চাই, আপনারা মুক্ত, সবাই যেন মত প্রকাশ করতে পারেন। আপনারা মত প্রকাশ করেন, সত্যি মত প্রকাশ করেন।’
নির্বাচন সুষ্ঠু করতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো। তাদের এই প্রিপারেশন দেখে বলতে পারি যে, আমাদের নির্বাচনটা হবে খুবই শ্রেষ্ঠ উৎসব। কঠোর এবং একেবারে ফেয়ার, এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না।’
দেশের বিভিন্নস্থানে সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনকালীন যে সহিংসতাগুলো হচ্ছে, এগুলো কিন্তু অনেকসময় নিজেদের দলের ভেতরে হচ্ছে। নিজেদের ভেতরেও হচ্ছে, প্লাস পার্টির ভেতরেও হচ্ছে। আপনারা (সাংবাদিক) একটু জনসচেতনতাটা বাড়াবেন যে, নির্বাচনকালীন পরিস্থিতি যেন পুরোটা শান্ত থাকে। এজন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি।’
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।