নাটোর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে, প্রয়োজনে ভোটের জন্য জীবন দেবে।
তিনি বলেন, এবার ফজরের নামাজের পড়ে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া-প্রতিবেশী, আপনার কেন্দ্রের সকল ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ১১ দলীয় জোটের সব নেতাকর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, এক দিনের পরিশ্রম আপনাদের পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচার করছে।
উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান এর সঞ্চলনায় বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও জেলা এনসিপির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।