ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বীকার করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ‘মসৃণ’ ছিল না এবং কিছু ‘বিপত্তি’র সম্মুখীন হয়েছিল। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, পরবর্তী নির্বাচিত সরকার এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এবং কিছু উপায় খুঁজে বের করে সম্পর্ককে মসৃণ করতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তৌহিদ হোসেন বলেন, “শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে ‘ভালো কার্যকরী সম্পর্ক’ বজায় রাখার ওপর জোর দিয়েছে।” সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ এখনো কোনো প্রতিক্রিয়া পায়নি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য কোনো বোঝা রেখে যাচ্ছে না।’ তিনি বলেন, ‘কিছু বিষয় সহজ করার জন্য তারা বেশ কয়েকটি বিষয় এগিয়ে নিচ্ছে।’ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক চুক্তিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমানে স্বাক্ষরিত কিছু চুক্তি বাস্তবে দীর্ঘদিন ধরে আলোচনার অধীনে ছিল।’