Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামিন পেলেন ছরওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের মামলায় গ্রেফতার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন।

এদিন, বিকেল ৩টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম তাকে কারাগারে রাখার আবেদন করেন।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশলাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে বঙ্গভবনের কর্মী ছরওয়ারে আলমকে আটক করা হয়। পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েই গ্রেফতার করা হয়। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার যথেষ্ট প্রমাণও আমাদের হাতে রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতার কর্মকর্তার ব্যবহৃত সব ধরনের ডিভাইস জব্দ করা হয়েছে। জব্দ সব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে, গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেয়াও হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর