Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারে নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ২১:৪৬

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি (ঋণাত্মক মূলধন) এবং আনরিয়েলাইজড লস (অবাস্তবায়িত লোকসান) সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবে নতুন করে মার্জিন ঋণ দেওয়া ও এসব হিসাবের বিপরীতে সুদ আরোপে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। এমনকি বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা নগদ লভ্যাংশও ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে প্রভিশন সংরক্ষণের হিসাব নির্ধারণ করা হবে। এ ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এভাবে ধারাবাহিকভাবে প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের সমন্বয়ের সময়সীমা ইতোমধ্যে বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে।

অন্যদিকে, ২০২৬ সালের মধ্যে নতুন করে কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে তা ওই বছরেই সমন্বয় করতে হবে। অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির বাইরে পরবর্তী সময়ে নতুন করে সৃষ্ট কোনো নেগেটিভ ইক্যুইটি ২০৩০ সাল পর্যন্ত সমন্বয়ের সুবিধার আওতায় আনা যাবে না। এর বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০২৬ সালেই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে।

এদিকে, নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের লেনদেন ও পোর্টফোলিও ব্যবস্থাপনার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত আরোপ করেছে বিএসইসি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এসব বিও হিসাবে থাকা বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে। এর মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাসের (রিব্যালান্সিং) সুযোগ দেওয়া হয়েছে। তবে এ ধরনের শেয়ার কেনার বিপরীতে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। একই সঙ্গে এসব বিও হিসাবের কোনো লেনদেন ব্লক মার্কেটে করা যাবে না।

প্রভিশন সংরক্ষণ ও নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের পুরো সময়ে সংশ্লিষ্ট বিও হিসাবের বিপরীতে কোনো ধরনের মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি (পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি) আরোপ করা যাবে না। পাশাপাশি এসব হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা কিংবা তাঁদের ওপর কোনো আর্থিক দায় চাপানো যাবে না।

তবে এই সুবিধার বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর আরেকটি বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। বর্ধিত সমন্বয়কালীন সময়ে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

বিএসইসি মনে করে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ পাবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর