ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকযোগে ভোটদান (পোস্টাল ব্যালট) প্রক্রিয়ায় প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ ভোটার মিলিয়ে এ পর্যন্ত ৭ লাখ ৪২ হাজারেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের (ইসি) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য এবারই প্রথম আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রবাসীদের ভোটদানের সর্বশেষ অবস্থা দেখা গেছে, ব্যালট পাঠানো হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। এর মধ্যে প্রবাসী ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন। প্রবাসীদের দেওয়া ভোটের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
এছাড়া নির্বাচনি দায়িত্ব পালনরত বা ভোটকেন্দ্রে যেতে অক্ষম এমন ভোটারদের জন্য দেশের অভ্যন্তরেও ডাকযোগে ভোটদান চলছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্যালট পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি। এর মধ্যে ২,৫৯,৩৯৪ জন ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন ভোটার তাদের ভোট ডাকবক্সে জমা দিয়েছেন।