ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ১১টার কিছু আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন ব্রেন্ট ক্রিসটেনসন।
বৈঠকর পর ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে এই তথ্য জানায়।
জানা গেছে, এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাণিজ্য ও ট্যারিফ ইস্যু, দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকটসহ সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।