Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রংপুর: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। নির্বাচন খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু, উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, কোথাও কারচুপির খবর পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সারা দেশে নির্বাচন উপলক্ষ্যে যে ব্যবস্থা নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে। যেখানে যেমন ব্যবস্থা নেওয়া দরকার, তেমন প্রস্তুতি রয়েছে। রংপুর বিভাগে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে প্রচুরসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সাধারণত সেনাবাহিনী যায় না। তবে প্রয়োজন হলে সেনাবাহিনী পাঠানো হবে। রংপুর বিভাগের মানুষ শান্তিপ্রিয় এই অঞ্চলে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। সবার সহযোগিতা কামনা করছি।’

ঢাকায় একটি অনলাইন পত্রিকা অফিস থেকে ২১ জন সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, সশস্ত্র বাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর